জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যুক্ত করেছেন তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় শুভ খন্দকার। ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ আনসারের হয়ে সতীর্থ মোয়াজ্জেম হোসেন অহিদুলকে সঙ্গে নিয়ে শিরোপা জয় করেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এই জুটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারের শুভ খন্দকার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটির প্রতিপক্ষ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমা ও এস এম সিফাত উল্লাহ জুটি। শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম গেমে ২২-২৪ পয়েন্টে পরাজিত হয়ে কিছুটা চাপে পড়ে আনসার জুটি। তবে হার না মেনে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়িয়ে ২১-১৮ পয়েন্টে জয় তুলে নিয়ে ম্যাচে সমতা ফেরান শুভ ও অহিদুল।
এরপর শুরু হয় শিরোপা নির্ধারণী তৃতীয় গেম। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিটি পয়েন্টের জন্য চলে তীব্র লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা থাকলেও চাপ সামলে দুর্দান্ত খেলা উপহার দেন আনসারের দুই খেলোয়াড়। শেষ পর্যন্ত ২৬-২৪ পয়েন্টে তৃতীয় গেম জিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠেন শুভ ও অহিদুল। তাঁদের এই জয় শুধু একটি শিরোপা অর্জন নয়, বরং জাতীয় পর্যায়ে নিজেদের সামর্থ্য ও দক্ষতারও প্রমাণ।
চ্যাম্পিয়ন জুটি পুরস্কার হিসেবে পেয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জানা গেছে, শুভ খন্দকার মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার দরগাহবাড়ি এলাকার বাসিন্দা শামিম খন্দকারের ছেলে। তাঁর জাতীয় পর্যায়ের এ সাফল্যে পরিবার, স্বজন ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায় থেকে উঠে এসে জাতীয় প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ আসরে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনকে নতুন করে পরিচিত করেছেন তিনি।
শুভর এ অর্জন স্থানীয় তরুণ খেলোয়াড়দের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতে, নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক পরিবেশের সুযোগ পেলে মুন্সীগঞ্জ থেকেও জাতীয় পর্যায়ে আরও ভালো মানের খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব। জাতীয় ব্যাডমিন্টনে শুভর এই সাফল্য জেলার ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬১৬ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে ৫৩৫ জন পুরুষ ও ৮১ জন নারী শাটলার ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে মোট ১০ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় শিরোপা জয়ের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের শুভ খন্দকার নিজের ক্রীড়া জীবনে একটি উল্লেখযোগ্য সাফল্য যুক্ত করলেন। তাঁর এই অর্জনে জেলার ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের হাওয়া।
সাননিউজ/বান্না