মিরপুর টেস্টে ক্রমেই কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে স্বাগতিকরা যখন কার্যত কোণঠাসা, তখন দলের শেষ ভরসা হয়ে উঠেছেন জাকের আলি অনিক ও নাঈম হাসান। চতুর্থ দিনের শুরুতে এই দুই ব্যাটারের দিকেই তাকিয়ে থাকবে পুরো দল।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। এতে লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। হাতে রয়েছে মাত্র চার উইকেট। এমন পরিস্থিতিতে আরও কিছু রান যোগ করতে না পারলে প্রতিপক্ষের সামনে সহজ লক্ষ্যই দাঁড়াবে।
দিন শেষে ১৮ রানে অপরাজিত ছিলেন জাকের ও নাঈম। নতুন দিনের প্রথম সেশনেই তাদের জুটির ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। বিশেষ করে স্বীকৃত ব্যাটারদের প্রায় সবাই ফিরে যাওয়ার পর জাকেরের উপস্থিতিই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তি হয়ে উঠেছে।
তবে শুধু জাকের নন, নিজের ব্যাটিং সামর্থ্যের প্রতিও আস্থা রাখছেন নাঈম। তার বিশ্বাস, ধৈর্য ধরে খেলতে পারলে এই জুটি বাংলাদেশের সংগ্রহ আরও অনেক দূর নিয়ে যেতে পারে। লক্ষ্য একটাই, যতটা সম্ভব বড় লিড গড়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা।
টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে নাঈম জানান, তারা দুজনই উইকেটে সময় কাটানোর দিকে মনোযোগ দিচ্ছেন। যতক্ষণ ক্রিজে থাকা যাবে, ততই দলের লাভ। বাংলাদেশের সংগ্রহ ২০০ রানের ঘর ছুঁতে পারলে সেটি দলের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন এই অফস্পিনার। তবে ২০০ রানের গণ্ডিই শেষ কথা নয়, সুযোগ পেলে তার চেয়েও বেশি রান যোগ করার পরিকল্পনা রয়েছে তাদের।
নাঈমের মতে, ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। ভালো সংগ্রহ দাঁড় করানো গেলে ম্যাচের চিত্রও বদলে যেতে পারে। তিনি বিশ্বাস করেন, বড় দলগুলো যেমন কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে, তেমনি সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশও একই কাজ করতে সক্ষম।
মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটিং ইউনিট বারবার হতাশ করেছে। দ্বিতীয় ইনিংসেও সেই দুর্দশার পুনরাবৃত্তি হয়েছে। তবে সব ব্যর্থতার মাঝেও জাকের-নাঈম জুটি নতুন আশা দেখাচ্ছে। চতুর্থ দিনের সকালে যদি তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে ম্যাচে ফেরার সম্ভাবনা বেঁচে থাকবে। যদিও চতুর্থ দিনের প্রথম সেশনটা স্বাগতিকদের জন্য খুব একটা সুখকর নাও হতে পারে । কারণ ক্যারিবিয়ান বোলাররা যেভাবে বল করছে তাতে টাইগার ব্যাটারদের জন্য তা সামাল দেওয়া কঠিন হতে পারে বিশেষ করে শেষের দিকের ব্যাটারদের জন্য তা আরও কঠিন হতে পারে।
এখন দেখার বিষয়, চাপের মুখে এই দুই ব্যাটার কতটা দৃঢ়তা দেখাতে পারেন। মিরপুরের চতুর্থ দিনের প্রথম বল থেকে শুরু হবে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকবেন জাকের আলি অনিক ও নাঈম হাসান।
সান নিউজ / রাজীব