চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৯৩টিতে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। বিপরীতে, শতভাগ পাসের রেকর্ড ছিল ৩৪৫টি প্রতিষ্ঠানের।
তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ৮৮টি বেড়েছে। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এক বছরের ব্যবধানে এ সংখ্যা ২০৬টি কমে দাঁড়িয়েছে ১৩৯টিতে। একই সময়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
এদিকে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সে অনুযায়ী সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ।
অন্যদিকে, গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬.৭১ শতাংশ।
সান নিউজ/ রাব্বি