চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষা অফিসের পক্ষ থেকে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টিফিনের খাবার খাওয়ার পর ওই শিক্ষার্থীদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঘটনাটি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সব শিশুই এখন পুরোপুরি সুস্থ রয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরবরাহকৃত খাবারের গুণগত মান পরীক্ষা এবং শিক্ষার্থীদের অসুস্থতার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে- অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) আহ্বায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য অফিসার ও জেলা স্যানিটোরি পরিদর্শককে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শিবগঞ্জে ৩ দফা একই ধরনের ঘটনা ঘটে।
সাননিউজ/ বান্না