ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি রুপসা বাস শহরের দিক থেকে আসা আব্দুস সামাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুর্ঘটনায় আরও একজন আহত হওয়ার বিষয়টি জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে আহত ব্যক্তি আশঙ্কামুক্ত রয়েছেন।
সান নিউজ/ রাব্বি