সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। শনিবার সকালে সেনাসদরে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সেনানীদের স্মরণে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরাও নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশের সামরিক ইতিহাসে ২১ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণের সূচনা করেছিলেন, যা মুক্তিযুদ্ধকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটিতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, বরং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের প্রতি জাতির শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সান নিউজ / রাজীব