মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। সাজাপ্রাপ্তদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে উপস্থিত থাকলেও রনি ও আনোয়ার বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি ও সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে জেলার বর্ষিজোড়া এলাকায় নাঈমের সঙ্গে আসামি রনির কথা-কাটাকাটি হয়। এর জেরে পরবর্তীতে রনি ও তার বাবা নুরুল ইসলামসহ কয়েকজন নাঈমকে ডেকে বাড়িতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে ১০ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের বাবা চেরাগ মিয়া বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন সরকারের কাছে দাবি-এই রায় যেন দ্রুত কার্যকর করা হয় এবং পলাতক দুই আসামিকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’
এদিকে, রায়ের বিষয়ে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, তিন বছরেরও কম সময়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় হওয়ায় বিচারপ্রার্থী পরিবার সন্তুষ্ট। এর মাধ্যমে অপরাধীদের কাছে একটি কঠোর বার্তা গেল এবং আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।
সাননিউজ/ বান্না