নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার মোহাম্মদ সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।
জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে দেওয়া এক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দুই ব্যক্তি একটি গ্রামে গিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে স্থানীয়দের কাছ থেকে টাকা দাবি করছেন—এমন তথ্য পায় পুলিশ। টাকা দিতে অস্বীকৃতি জানালে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করার ভয় দেখানো হচ্ছিল।
তথ্য পাওয়ার পর সদর থানা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, প্রায় এক মাস আগে একই গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
সান নিউজ/ রাব্বি