উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুর সিটি কর্পোরেশন মাঠে পূবাইল অঞ্চল-২ ও কাশিমপুর অঞ্চল-৮-এর মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. হাসান উদ্দিন সরকার, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন এবং পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া।
এ ছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে পূবাইল অঞ্চল-২ ও কাশিমপুর অঞ্চল-৮-এর মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই হয়। নির্ধারিত সময়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে ৩-২ গোলে কাশিমপুর অঞ্চল-৮-কে হারিয়ে জয় পায় পূবাইল অঞ্চল-২।
খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সান নিউজ/ রাব্বি