পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি তবে শেষ? জাতীয় দলের ক্যাম্প থেকে হঠাৎ তার বিদায়ের পর সেই প্রশ্নই এখন ঘুরছে ফুটবলবিশ্বে। এর মধ্যেই পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’ দাবি করেছে, জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন রোনালদো।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলসের বিপক্ষে আলভালাদে স্টেডিয়ামে পর্তুগালের ১-০ ব্যবধানের জয়টিই জাতীয় দলের হয়ে রোনালদোর শেষ ম্যাচ। প্রশ্ন উঠেছে, রোনালদো কি আর লাল-সবুজ জার্সি পরবেন না?
কোপেনহেগেনে পর্তুগাল দলের হোটেল ছেড়ে বুধবার চলে যান রোনালদো। জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সংবাদ সম্মেলনের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলেন তিনি। এরপরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন পর্তুগালের অধিনায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রোনালদো। আল নাসরের এই তারকা লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’
রোনালদো আরও বলেন, ‘যথাসময়ে আমি সব পর্তুগিজ মানুষের কাছে জাতীয় দল ছাড়ার পেছনের কারণের সত্যটা জানাব। জাতীয় দলের প্রতি আমি সবসময়ই নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল ও আমার সব সতীর্থকে, কোনো ব্যতিক্রম ছাড়াই, শুভকামনা জানানোই সময়ের দাবি।’
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোনালদো এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। ফলে পত্রিকাটির দাবি সত্যি হলে সেটি কার্যত তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি হলেও, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।
২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হয় রোনালদোর। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই তিনি পর্তুগালের রেকর্ডধারী। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন ৪১ বছর বয়সী এই তারকা।
সাননিউজ/ বান্না