কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার দাবি, ঘটনাটি জমি বিরোধকে কেন্দ্র করে ঘটেছে বলে এরই মধ্যে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ।
পোস্টে স্টুডিও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। সোহেল তাজ বলেন, “যাই হোক, যে কারণেই হয়ে থাকুক, আমি এখনো আগের মতোই এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তবে সালমান মুক্তাদিরের করা অভিযোগের প্রসঙ্গে সোহেল তাজ বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে চাঁদাবাজির যে অভিযোগ তিনি করেছেন, তা সালমানের প্রত্যাহার করে নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
সান নিউজ/ রাব্বি