কলকাতার বিনোদন দুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন। টলিপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
পাত্র হিসেবে মার্চেন্ট নেভি বা ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তির নাম শোনা গেলেও, অভিনেত্রীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর মধ্যে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ায় ভক্তদের কৌতূহল আরও বহুগুণ বেড়ে গেছে।

ভাইরাল হওয়া সেই কার্ডে বর-কনে ছাড়াও তাদের তিন পোষ্য—চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদুকে মণ্ডপে বসা অবস্থায় দেখা গেছে। পোষ্যদের প্রতি মিমির অগাধ ভালোবাসার কথা কারোরই অজানা নয়, তাই কার্ডে তাদের এমন উপস্থিতি বেশ নজর কেড়েছে।
অন্যদিকে, কলকাতার জমকালো আয়োজনের বদলে পাহাড়ি শহর কালিম্পংয়ে আগামী ৫ ডিসেম্বর ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হতে পারে বলেও কানাঘুষা চলছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বেড়ে ওঠার সুবাদে পাহাড়ের প্রতি মিমির বিশেষ টান রয়েছে, যা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সম্প্রতি তারকা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টুডিওর সামনে অভিনেত্রীর উপস্থিতি সেই জল্পনাকে যেন একধাপ বাড়িয়ে দিয়েছিল।
বিয়ে নিয়ে এত সব হইচই চললেও মিমি নিজে বরাবরের মতোই বিষয়টি নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেছিলেন, তাঁর নিজের বিয়ের খবর তিনিও নাকি লোকমুখেই শুনছেন!
আদর্শ জীবনসঙ্গী হিসেবে ভালো মন, হাস্যোজ্জ্বল স্বভাব এবং তাঁর পোষ্যদের সমান স্নেহে আগলে রাখার মতো গুণকেই প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও আলোচিত থাকা এই তারকা শেষ পর্যন্ত গুঞ্জনকে সত্যি করে নতুন অধ্যায় শুরু করেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
সান নিউজ / রাজীব