ইরানের স্থলসীমান্ত বন্ধে মার্কিনীদের প্রচেষ্টা ব্যর্থ ।
আন্তর্জাতিক
ওয়াশিংটনের মুখে ছাই

মুখ থুবড়ে পড়ল ইরানের স্থলপথ বন্ধের মার্কিন ফন্দি

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ওপর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করতে তেহরানের স্থলবাণিজ্যিক পথগুলো সম্পূর্ণ অচল করে দেওয়ার যে পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র হাতে নিয়েছিল, তা বড় রকমের হোঁচট খেয়েছে।

প্রভাবশালী মার্কিন দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর তথ্য অনুযায়ী, ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আঞ্চলিক প্রতিবেশীরা সেই নির্দেশ মানতে পরিষ্কার অস্বীকৃতি জানিয়েছে।

প্রতিবেশীদের স্পষ্ট ‘না’ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা

তেহরানের ওপর অর্থনৈতিক বলয় আরও শক্ত করতে দেশটির স্থলবাণিজ্য পথগুলো বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরেই বহুমুখী চাপ প্রয়োগ করে আসছিল হোয়াইট হাউস। কিন্তু ওয়াশিংটনের সেই কড়া দাবির সামনে নতিস্বীকার করেনি ইরানের সীমান্তবর্তী তিন প্রধান রাষ্ট্র—ইরাক, তুরস্ক ও পাকিস্তান।

কূটনৈতিক সূত্র ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দীর্ঘ দেনদরবার করেও প্রতিবেশী দেশগুলোর সীমানা দিয়ে পণ্য চলাচল বন্ধ করাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমেরিকা। ইরানের আকাশ ও নৌপথের বাণিজ্য আগেই অবরুদ্ধ করা হলেও স্থলপথগুলোই দেশটির বৈদেশিক বাণিজ্যের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছিল।

তবে এই রুট বন্ধ করতে হলে একতরফা মার্কিন সামরিক বা অর্থনৈতিক শক্তির চেয়ে সংশ্লিষ্ট স্বাধীন দেশগুলোর সরাসরি সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি ছিল।

বাগদাদ, আঙ্কারা ও ইসলামাবাদের নিজ নিজ স্বার্থ রক্ষা

ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপাতে গিয়ে নিজ দেশের অর্থনীতিকে বিপদের মুখে ফেলতে নারাজ প্রতিবেশী দেশগুলো। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানিয়েছেন, তেহরানের সঙ্গে দেশটির কেবল দুটি বাদে বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়ার মার্কিন প্রস্তাব একবাক্যেই খারিজ করে দিয়েছে বাগদাদ।

কারণ, এর ফলে ইরানের চেয়ে খোদ ইরাকি জনপদই মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়বে। বিশেষ করে ইরাকের বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি গ্যাসের এক-তৃতীয়াংশই আসে ইরান থেকে এবং সীমান্তবর্তী লাখো মানুষের রুটি-রুজির একমাত্র মাধ্যম এই বাণিজ্য।

অন্যদিকে, আঙ্কারাও তাদের পুরোনো সীমান্তনীতি বদলাতে নারাজ। পাশাপাশি, তেহরানের সঙ্গে প্রায় ৩০০ কোটি ডলারের বাণিজ্যিক লেনদেন বাধাগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কায় রয়েছে পাকিস্তান।

ইসলামাবাদ মনে করছে, সীমান্ত বাণিজ্য হঠাৎ বন্ধ করা হলে জ্বালানি আমদানিতে বিপর্যয় নেমে আসার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে চরম বেকারত্ব, মূল্যস্ফীতি এবং জনঅসন্তোষ দেখা দিতে পারে।

মার্কিন প্রশাসনের এক অভ্যন্তরীণ কর্মকর্তাও স্বীকার করেছেন যে, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলগুলোতে তীব্র রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা উসকে দিতে পারে।

‘আয়রন গেট’ টাস্কফোর্সের সীমাবদ্ধতা ও তেহরানের প্রতিক্রিয়া

প্রতিবেশীদের এই অসহযোগিতার পরও চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কাস্পিয়ান সাগর ও ইরানের স্থলসীমান্তে আর্থিক লেনদেন ও নিষেধাজ্ঞাভুক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘আয়রন গেট’ নামক একটি বিশেষ টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছে তারা।

তবে মাত্র কুড়িজন কর্মকর্তা ও সেনাসদস্যের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্সের নিজস্ব কোনো আইনগত এখতিয়ার বা সরাসরি সেনা মোতায়েনের ক্ষমতা নেই। ফলে এর সম্পূর্ণ কার্যকারিতাই ওই প্রতিবেশী দেশগুলোর সদিচ্ছার ওপর ঝুলছে।

মার্কিন এই কৌশলকে তীব্র কটাক্ষ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়িল বাকায়ি একে সামরিক ব্যর্থতা ঢাকবার এক ব্যর্থ কসরত বলে অ্যাখ্যা দিয়েছেন।

আন্তর্জাতিক বিশ্লেষকরাও মনে করছেন, তেহরানের সঙ্গে নিজেদের জ্বালানি ও বাণিজ্যিক সুসম্পর্ক জলাঞ্জলি দিয়ে স্বাধীন রাষ্ট্রগুলো নিজেদের পায়ে নিজে কুড়ুল মারতে রাজি নয়।

আর সে কারণেই ওয়াশিংটনের এই একরোখা পরিকল্পনা শেষ পর্যন্ত বড় ধরনের ভূরাজনৈতিক প্রতিবন্ধকতার মুখে পড়ে গেছে।



সান নিউজ ‍/ রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

তানজিদের প্রতিরোধে প্রথম সেশন পার করল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের...

মুখ থুবড়ে পড়ল ইরানের স্থলপথ বন্ধের মার্কিন ফন্দি

ইরানের ওপর অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করতে তেহরানের স্থলবাণিজ্যিক...

চলন্ত বাস থেকে ফেলে ২ যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ

ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই নৈশকোচের যাত্রীকে হত্...

মুন্সীগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণ কারাগারে

মুন্সীগঞ্জ শহর সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌযানে &lsquo...

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা