নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে পাইলট প্রকল্প হিসেবে নবুয়ারচর দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানায় ৪ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এর কার্যক্রম বাতি জ্বালিয়ে উদ্ধোধন করা হয়েছে।
শনিবার রাতে নরসিংদীর রায়পুরায় নবুয়ারচর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
মাইশা পাওয়ার টেক বিডির রিজিওনাল ডিরেক্টর ও সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়ার অর্থায়নে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়। সৌরবিদ্যুতের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশবান্ধব জ্বালানির গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সংকট, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং পরিবেশদূষণ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব দিন দিন বাড়ছে। সৌরবিদ্যুৎ এখন শুধু বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নয়, বরং বিদ্যুৎ ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের ব্যবহার অত্যন্ত সম্ভাবনাময়। বাসাবাড়ি, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসা, স্কুল ও এতিমখানার শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা। এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে আশরাফ উদ্দিন বকুল বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই, রায়পুরাসহ দেশের প্রতিটি অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করুক।
মাইশা পাওয়ার টেক বিডির কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তিনির্ভর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নতমানের সোলার প্যানেল, আধুনিক ইনভার্টার ও প্রয়োজনীয় যন্ত্রাংশের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি সহায়তা, দ্রুত সার্ভিস এবং দক্ষ জনবলের মাধ্যমে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ প্রশংসনীয়। তিনি এ মহতী উদ্যোগের জন্য মাইশা পাওয়ার টেক বিডির রিজিওনাল ডিরেক্টর সমাজসেবক মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আব্দুল কুদ্দছ মিয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আসাদুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকলেছুর রহমান মুক্তার,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ,রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার,রায়পুরা পৌর সভা যুবদলের সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মৎস্যজীবিদলের আহবায়ক ফিরোজ আল মুজাহিদ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, উপজেলা জাসাস সদস্য সচিব সবুজ নন্দী,রায়পুরা পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিব উল্লা, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার,অলিপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ও সাধারন সম্পাদক হাজী উসমান মিয়া, কবির হোসেন মেম্বার সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ।
সাননিউজ/বান্না