ছবি: সংগৃহীত
জাতীয়

তাহসিফের মৃত্যু ঘিরে তদন্তে নতুন মোড়, কে সেই রহস্যময় তরুণী?

নিজস্ব প্রতিবেদক

বিমানবাহিনীর বরখাস্ত হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় রহস্যের জট খুলতে এক তরুণীর সন্ধান করছে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে ওই তরুণীর সঙ্গে তাহসিফকে দেখা গিয়েছিল। এদিকে বাবার দায়ের করা হত্যা মামলায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া তার জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়েছে নৌপুলিশ।

জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। তবে কী কারণে তিনি নদীতে ঝাঁপ দেন, এরপর তার সঙ্গে কী ঘটেছিল এবং এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এরই মধ্যে সামনে এসেছে নতুন একটি সিসিটিভি ফুটেজ, যা তাহসিফের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, ঘটনার রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ এক তরুণী ও বন্ধু দীপের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান তাহসিফ। পরে দীপকে সঙ্গে নিয়ে তিনি টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। সেখান থেকে কীভাবে তিনি তুরাগ নদে পৌঁছান, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে মোটরসাইকেলে করে ওই রেস্টুরেন্ট ও বারে পৌঁছান তাহসিফ ও এক তরুণী। ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তার সন্ধান পাওয়া গেলে ঘটনার আগের সময়ের গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন রাওয়া।

এর আগে বৃহস্পতিবার রাতে তাহসিফের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থলও পরিদর্শন করে সংস্থাটি। পরে শুক্রবার রাতে দীপকে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। একই রাতে ডিএমপির উত্তরখান থানায় তাহসিফের বাবা এনায়েতুল করিম হেলাল হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাসা থেকে বের হওয়ার পর যা ঘটেছিল

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপের ডাকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসার খবর পায় পুলিশ।

পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল করার সময় তাহসিফের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোপন সূত্রের মাধ্যমে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার দিন তাহসিফকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে দীপের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাহসিফের মৃত্যু কীভাবে এবং কোন পরিস্থিতিতে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পোশাক পরা দুই পুলিশ কর্মকর্তাকে দেখে তারা দুজন দুই দিকে দৌড়ে পালিয়ে যান। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছেন তিনি।

তবে ওই দুই পুলিশ কর্মকর্তা কারা, কেন তারা ধাওয়া করেছিলেন, তাহসিফ কী কারণে নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং এরপর কী ঘটেছিল—এসব বিষয় নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি ঘটনাস্থলে তাহসিফের মোটরসাইকেল কীভাবে পৌঁছাল, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

নৌপুলিশের কর্মকর্তাদের ভাষ্য, জিজ্ঞাসাবাদে দীপ বিভিন্ন তথ্য দিচ্ছেন। তবে তার বক্তব্যে কিছু অসংগতি ও এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে। এসব তথ্য অন্যান্য আলামত ও প্রমাণের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে বলেন, পুরো ঘটনার সঙ্গে দীপের সংশ্লিষ্টতা রয়েছে। ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে তাহসিফের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। আদালতের অনুমতি নিয়ে চার দিনের রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যেগুলো যাচাই-বাছাই চলছে।

তিনি বলেন, তাহসিফ সত্যিই পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ কোথায় কোথায় গিয়েছিলেন এবং কার কার সঙ্গে সময় কাটিয়েছিলেন, সেসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও চলছে। পাশাপাশি মোটরসাইকেলসহ অন্যান্য আলামত উদ্ধারের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

বারে তরুণীর সঙ্গে দেড় ঘণ্টা

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ অক্টোবর বাসা থেকে দীপের সঙ্গে বের হওয়ার পর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের ‘নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ যান তাহসিফ। ওই তরুণীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। গোয়েন্দারা ইতোমধ্যে তার ছবি সংগ্রহ করেছেন।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার রাতে মোটরসাইকেলে করে তাহসিফ ওই রেস্টুরেন্ট ও বারে যান। তার সঙ্গে ছিলেন ওই তরুণী। পরে সেখান থেকে তিনি টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। তবে ওই তরুণীও সেখানে গিয়েছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তকারীদের ধারণা, মাজার বস্তি এলাকায় মাদক সেবনের অভিযোগে টহল পুলিশ তাদের ধাওয়া করে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই তরুণীর পরনে ছিল গেঞ্জি, প্যান্ট ও কেডস। সেখানে প্রবেশের সময় তার হাতে একটি সাদা পলিথিন ছিল। এ সময় হেলমেট পরা অবস্থায় দীপও তাহসিফের সঙ্গে ছিলেন।

তদন্তকারীরা মনে করছেন, ওই তরুণীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হলে তাহসিফের মৃত্যুর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

প্রকৃত ঘটনা জানতে চায় রাওয়া

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কল্যাণ সংস্থা রাওয়া। শনিবার দুপুরে সংগঠনটির নেতারা উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় যান। সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শোক ও সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

পরে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিমের সঙ্গে তাদের কথা হয়েছে। পরিবারের কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সে বিষয়েও জানতে চেয়েছেন তারা।

তিনি জানান, তাহসিফের বাবা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে।

খুরশিদ আলম আরও বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের কাছে তাহসিফের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা আশা করছেন, দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এ ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। কোনোভাবেই বিষয়টি উপেক্ষা করা হবে না। তারা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দায়ীদের বিচার চান।

অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা

তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম শুক্রবার রাত ১টার দিকে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা দীপকে সন্দেহভাজন হিসেবে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নৌপুলিশ ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, দীপের কাছ থেকে পাওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি তাহসিফের চলাচল, যোগাযোগ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তসংশ্লিষ্টদের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও সংগৃহীত আলামত বিশ্লেষণের মাধ্যমে তাহসিফের মৃত্যুর পেছনের ঘটনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

যুবশক্তির অগ্রযাত্রার প্রত্যয়ে কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোন...

পাচারের শিকার নারী-পুরুষ-শিশুদের সেবা নিয়ে ওরিয়েন্টেশন সভা

মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, সহায়তা ও পুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা