দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইমরোজ খালিদী আর নেই। বাংলাদেশ সময় আজ শুক্রবার সন্ধ্যার দিকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এই হঠাৎ চলে যাওয়ায় পুরো দেশের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একমাত্র ছেলের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানে অবস্থানকালেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকসহ শারীরিক নানা জটিলতায় তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে পড়েছিল। সবশেষ আগামী চার-পাঁচ দিনের মধ্যেই তাঁর ঢাকায় ফিরে আসার কথা ছিল। কিন্তু এর আগেই নিয়তির নির্মম পরিহাসে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।
পরে তাঁকে দ্রুত লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান। বাংলাদেশের ডিজিটাল ও স্বাধীন সাংবাদিকতার বিকাশে তাঁর দীর্ঘ অবদান ও সাহসী নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
সান নিউজ/রাজীব