এক নজরে জাতিসংঘের প্রতিবেদন: প্রতি ঘণ্টায় ঝরছে পাঁচটি তাজা প্রাণ
-
মোট মৃত্যু (২০২৫): বিশ্বজুড়ে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু নিজ পরিবার বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে খুন হয়েছেন (প্রতিদিন গড়ে ১২৯ জন এবং প্রতি ঘণ্টায় প্রায় ৫ জন)।
-
মোট হত্যাকাণ্ডের চিত্র: গত বছর নিহত ৭৮ হাজার নারীর মধ্যে প্রায় ৬০ শতাংশই প্রাণ হারিয়েছেন আপনজনদের হাতে (পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ)।
-
পরিস্থিতির অবনতি: গত কয়েক বছর ধরে এই সংখ্যা ৪৫ থেকে ৫১ হাজারের মধ্যেই স্থির রয়েছে, অর্থাৎ সহিংসতা কমার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
-
অঞ্চলভিত্তিক শীর্ষে: সবচেয়ে বেশি নারী হত্যার ঘটনা ঘটেছে আফ্রিকায় (২২,১০০ জন) এবং এরপরই রয়েছে এশিয়া (১৫,১০০ জন)। আমেরিকায় ৭,৪০০, ইউরোপে ২,১০০ এবং ওশেনিয়ায় ৩০০ জন নিহত হয়েছেন।
-
মূল কারণ: সমাজের প্রচলিত বৈষম্যমূলক রীতিনীতি, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার পথে নানা প্রতিবন্ধকতা।
-
জাতিসংঘের পরামর্শ: সহিংসতা রোধে শুধু স্বামী বা সঙ্গী নয়, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নারীর সম্পর্কের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
নিরাপত্তার যে জায়গাটিকে মানুষ সবচেয়ে বেশি ভরসার স্থল মনে করে, সেই নিজ গৃহ ও পরিবারেই চরম অনিরাপদ হয়ে উঠেছেন বিশ্বের নারীরা। জাতিসংঘের সাম্প্রতিক এক অনুসন্ধানী নথিতে উঠে এসেছে এমনই এক আঁতকে ওঠার মতো চিত্র।
সংস্থাটির তথ্যমতে, ২০২৫ সালে গোটা বিশ্বে ৪৭ হাজারেরও বেশি নারী ও কন্যাশিশু তাদের জীবনসঙ্গী কিংবা রক্তের সম্পর্কের আত্মীয়দের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। সময়ের হিসেবে দাঁড়ায়, বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী আপন মানুষের হাতে খুন হচ্ছেন।
‘নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস’-কে সামনে রেখে মঙ্গলবার যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’ এবং মাদক ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি)।
১২২টি দেশ ও ভূখণ্ডের অপরাধের তথ্য-উপাত্ত যাচাই করে তৈরি করা এই নথিতে দেখা গেছে, গত কয়েক বছর ধরেই পরিবারকেন্দ্রিক নারী হত্যার এই ভয়াবহ প্রবণতা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ, বৈশ্বিক নানা উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো সাফল্য আসেনি।
পরিসংখ্যানের আয়নায় নির্মম বাস্তবতা :
প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছর বিশ্বব্যাপী ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হওয়া মোট মানুষের ১৯ শতাংশই ছিলেন নারী। ২০২৫ সালে প্রায় ৭৮ হাজার নারী ও শিশু হত্যার শিকার হয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশেরই মৃত্যু হয়েছে ঘরের চারদেয়ালের ভেতরে বা ঘনিষ্ঠজনদের হাতে।
দৈনিক গড় হিসেবে প্রতিদিন প্রায় ১২৯ জন নারীকে এভাবে জীবন দিতে হচ্ছে। বিপরীতে, পুরুষদের ক্ষেত্রে নিজ পরিবার বা ঘনিষ্ঠজনদের হাতে খুন হওয়ার হার মাত্র ১১ শতাংশ—যা নারীদের তুলনায় অনেক কম।
কোন মহাদেশের কী চিত্র :
জাতিসংঘের পর্যবেক্ষণ বলছে, পৃথিবীর কোনো প্রান্তই নারীদের জন্য শতভাগ ঝুঁকিমুক্ত নয়। তবে আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, আপনজনদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশে। মহাদেশটিতে ২০২৫ সালে এ ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ২২ হাজার ১০০ জন নারী ও কন্যাশিশু।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া, যেখানে নিহতের সংখ্যা ১৫ হাজার ১০০। এছাড়া আমেরিকা অঞ্চলে ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়া অঞ্চলে ৩০০ জন নারী নিজ পরিবার বা সঙ্গীর হাতে খুন হয়েছেন।
কেন কমছে না এই সহিংসতা :
বৈশ্বিক প্রেক্ষাপটে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কিছুটা নিম্নমুখী হলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যা বা ‘ফেমিসাইড’ কমার গতি অত্যন্ত মন্থর। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে এই প্রবণতা বেশ প্রকট।
জাতিসংঘ মনে করছে, এর পেছনে সমাজের গভীরে প্রোথিত পুরুষতান্ত্রিক মানসিকতা, বৈষম্যমূলক প্রথা এবং নারী-পুরুষের প্রচলিত ভূমিকার নেতিবাচক ধারণা দায়ী। পাশাপাশি, ভুক্তভোগী নারীদের আইনি সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতাও অপরাধীদের পরোক্ষভাবে উৎসাহিত করছে।
নজর দিতে হবে বৃহত্তর পারিবারিক কাঠামোয় :
পারিবারিক সহিংসতা রোধে প্রচলিত দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, কেবল স্বামী বা প্রেমিকের সঙ্গে নারীর সম্পর্কের বিষয়টি মাথায় রাখলে চলবে না; বরং পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ ও সম্পর্কের জটিলতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। কারণ, অনেক ক্ষেত্রেই নারীরা পরিবারের অন্য আত্মীয়দের দ্বারাও চরম সহিংসতার শিকার হচ্ছেন।
তথ্য ঘাটতির চ্যালেঞ্জ :
নারী ও কন্যাশিশুদের কেবল লিঙ্গ পরিচয়ের কারণে হত্যা করাকে পরিভাষায় ‘ফেমিসাইড’ বলা হয়। পারিবারিক গণ্ডির বাইরেও মানব পাচার, জোরপূর্বক শ্রম কিংবা সংঘবদ্ধ অপরাধচক্রের হাতেও অসংখ্য নারী প্রাণ হারান, যা এই সংজ্ঞার আওতাভুক্ত।
তবে ঘরের বাইরের এ ধরনের হত্যাকাণ্ডের নির্ভরযোগ্য তথ্য বিশ্বজুড়ে অপ্রতুল হওয়ায় এর প্রকৃত ভয়াবহতা ও ব্যাপ্তি নিরূপণ করা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সান নিউজ / রাজীব