হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় অবশেষে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান। আজ শুক্রবার ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি দল তাঁর নিজ বাসা থেকে তাকে আটক করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তরের কাজ চলছে বলে জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। মামলার বিবরণে জানা যায়, গত ১ অক্টোবর সকালে মদিনা থেকে আসা একটি ফ্লাইটের লাগেজ পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে ৮ নম্বর বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দিলে যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি শান্ত করতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আক্তারুজ্জামান তার ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও নানা রকম হুমকি দেন। শুধু তাই নয়, তার সঙ্গে থাকা প্রটোকল কর্মীরা বিমানবন্দরের অত্যন্ত সংবেদনশীল বা কেপিআই এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় বাধা দেওয়ায় এক নিরাপত্তা সুপারভাইজারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থানায় করা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে।
সান নিউজ/রাজীব