ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পরিষ্কার বার্তা দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সরকারও চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক ও লিখিতভাবে জানানো হয়েছে। যেহেতু তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় ফাঁসির রায় হয়েছে এবং বহু মামলা বিচারাধীন রয়েছে, তাই তিনি দেশে পা রাখলেই আইন তার নিজের গতিতে চলবে।
আজ শুক্রবার সকালে মাগুরায় আয়োজিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের বিগত আমলকে তীব্র আক্রমণ করে মন্ত্রী বলেন, গত ১৮ বছর ধরে পুরো দেশকে এক গভীর অন্ধকারে নিমজ্জিত রাখা হয়েছিল। ফ্যাসিবাদী এই সরকার দেশের সবকিছু ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। চরম নির্যাতন ও নিপীড়নের মুখেও বিএনপি বা এর নেতাকর্মীরা মাঠ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ যারা ব্যাংক লুটপাট করেছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন ভারতে পালিয়ে বেড়াচ্ছে। বিএনপি কখনোই পালানোর দল নয় এবং রাজপথে সবসময় প্রস্তুত রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মো. আলী আহমেদ এবং পৌর বিএনপির সভাপতি ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সান নিউজ/রাজীব