যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ নেতাদের সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে এ সম্মেলনে বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতারা অংশ নেবেন।
বুধবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে অভিন্ন অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অর্থনৈতিক নিরাপত্তা জোরদার এবং মার্কিন জনগণের জন্য কার্যকর সুফল নিশ্চিত করার লক্ষ্যে জি-২০-এর মূল অর্থনৈতিক অগ্রাধিকারগুলোতে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র।
সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে আগ্রহী সাংবাদিকদের আগামী ১০ নভেম্বর রাত ১০টার মধ্যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনের তালিকায় কোনো সংবাদমাধ্যমের নাম না থাকলে সেটি অন্তর্ভুক্ত করার জন্য SummitMedia@state.gov ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে হবে।
অনুমোদন পাওয়া সাংবাদিকদের পরিচয়পত্র সংগ্রহের প্রক্রিয়া, নিরাপত্তাব্যবস্থা, সংবাদমাধ্যমের প্রবেশপথ, ক্যামেরা স্থাপনের নির্ধারিত স্থান, গাড়ি পার্কিং এবং সড়ক বন্ধসংক্রান্ত তথ্য জানানো হবে। সম্মেলনের সময় ঘনিয়ে এলে প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা ও খরচের বিস্তারিত তালিকাও পাঠানো হবে।
আয়োজকদের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, সাংবাদিকদের জন্য ইস্যু করা পরিচয়পত্র অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে না।
সান নিউজ/ রাব্বি