ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ফুটপাত দখলমুক্ত করার একদিন পর ফের দখলের অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তাঁদের মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম ওই সড়কে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেন। এ সময় ব্যবসায়ীদের দোকানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা এবং সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়।
তবে প্রশাসনের নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে বুধবার আবারও অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ও ১০৯ ধারায় মো. শাহিন মোল্যাকে ৫০০ টাকা, মো. আলমগীর হোসেনকে ৫০০ টাকা এবং আল আমীন মোল্যাকে ১০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গৌতম চৌধুরী হোটেল কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম বলেন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।
সাননিউজ/বান্না