২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের গুনাইগাছ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সংঘটিত ওই হত্যাকাণ্ড দেশবাসীকে হতবাক করেছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িতদের যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মশিউর রহমান ও খায়রুজ্জামান সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ ফারাবী।
সাননিউজ/বান্না