এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৬ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মেধার বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থার সামঞ্জস্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ, শিক্ষার মানোন্নয়ন এবং মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনাসহ শিক্ষা খাতের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব ও সুপারিশ তুলে ধরা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব পরিকল্পনা ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ সেখানে তুলে ধরা হয়।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানান, ২০২৬-২৭ অর্থবছরে এ বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে। এ বরাদ্দ আগের সংশোধিত বাজেটের তুলনায় ৪২ দশমিক ৭ শতাংশ বেশি।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬ সালে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগের কথাও বৈঠকে জানানো হয়।
অন্যদিকে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধেও উদ্যোগ নিয়েছে সরকার। ইএফটি ও আইবাস++ পদ্ধতির মাধ্যমে প্রায় ৭০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর পাওনা সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈঠকে এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং মূল্যায়ন পদ্ধতির সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সান নিউজ/ রাব্বি