বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হয়েছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব অর্পণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ ২৬ বছর বয়সী এই তারকাকে দল পরিচালনার মূল দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এই দায়িত্ব অর্পণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নাহিদা আক্তারের বর্ণাঢ্য ক্যারিয়ার ও আন্তর্জাতিক অর্জন : ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন নাহিদা আক্তার। এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ১৩২টি উইকেট শিকার করেছেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটি তার নামের পাশে রয়েছে।
শুধু তাই নয়, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের তালিকায় এই সংস্করণে পঞ্চম স্থান অধিকার করে দেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন এই বাঁহাতি স্পিনার।
সহ-অধিনায়ক হিসেবে সোবহানা মোস্তারির অভিষেক : নাহিদার পাশাপাশি দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ ব্যাটার সোবহানা মোস্তারি। ২৪ বছর বয়সী ক্রিকেটার সোবহানা ২০১৯ সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন। ইতিমধ্যে ৭২টি টি-টোয়েন্টি খেলে ব্যক্তিগত অর্জনে বিশেষ মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটে এক হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন সোবহানা। এর আগে শুধুমাত্র নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
নতুন নেতৃত্বের কাঁধে প্রথম বড় অ্যাসাইনমেন্ট হিসেবে অপেক্ষা করছে আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের হাত ধরে আন্তর্জাতিক এই আসরে লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেবে—এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেটপ্রেমীদের।
সান নিউজ / রাজীব