রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে পেস্টের মতো ছয়টি ডিম্বাকৃতির সোনার বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাবে এসব বস্তুর ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩৩৮ ফ্লাইটে ঢাকায় পৌঁছান মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদ। পরে তাদের তল্লাশি করে পায়ুপথে লুকানো এসব বস্তু উদ্ধার করা হয়। দুই যাত্রীর প্রত্যেকের কাছ থেকে তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির সোনার পেস্টসদৃশ বস্তু পাওয়া গেছে।
এনবিআরের এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া ছয়টি বস্তুর প্রাথমিক ওজন ২ দশমিক ৭৩৪ কেজি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এসব বস্তুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে আল-আমিন শেখ আরও জানান, উদ্ধার হওয়া পেস্টসদৃশ বস্তুতে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
সান নিউজ/ রাব্বি