স্বাস্থ্যখাতের বাজেটের বড় একটি অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে আয়োজিত ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আর চলতে দেওয়া হবে না। পাশাপাশি এসব মেশিন আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতের বরাদ্দের উল্লেখযোগ্য অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় করা হবে। ক্যানসার প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে সরকার।
স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে। এ খাতে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি বরদাশত করা হবে না। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনকি চাকরিও হারাতে হতে পারে বলে সতর্ক করেন তিনি।