জাতীয়

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের সাত খুন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

রোববার (১৮ অক্টোবর) এসব মামলার শুনানির তারিখ নির্ধারণ করা হয়।

আদালতের নির্ধারিত সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হবে আগামী ১৭ নভেম্বর, আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি ২৪ নভেম্বর এবং মেজর সিনহা হত্যা মামলার শুনানি ১ ডিসেম্বর।

আলোচিত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগের অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে আপিল বিভাগে শুনানির জন্য আবেদন করা হয়। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, রাষ্ট্রের পক্ষে এসব মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে তারা উদ্যোগ নিয়েছেন। নির্ধারিত তারিখে শুনানি শুরু হবে বলে তারা আশা করছেন। তবে আদালতের ব্যস্ততা ও বিচারিক কার্যক্রমের নানা বাস্তবতার কারণে নির্ধারিত দিনে শুনানি শুরু না-ও হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এসব হত্যাকাণ্ড দেশের মানুষকে নাড়া দিয়েছে। আলোচিত মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি এবং রায় বাস্তবায়নের বিষয়ে সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। রাষ্ট্রের পক্ষে আইন কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া। সে দায়িত্বের অংশ হিসেবেই তিনটি মামলাকে অগ্রাধিকার দিয়ে আদালতের নজরে আনা হয়েছে।

তিনি জানান, মামলাগুলোর শুনানির প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষ থেকে নির্দিষ্ট আইন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হবে। নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় আইনি গবেষণা ও মামলার প্রস্তুতি সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতিগত বিষয়গুলোও সম্পন্ন করতে হবে। এর মধ্যে কনসাইজ স্টেটমেন্ট জমা দেয়ার বিষয় রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও জানান, একই মামলার রায়ের বিরুদ্ধে বিভিন্ন দণ্ডিত ব্যক্তি পৃথকভাবে আপিল করে থাকেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের পাশাপাশি অন্য দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে লিভ পিটিশনসহ সংশ্লিষ্ট আইনি কার্যক্রম থাকতে পারে। ফলে একটি মামলার সঙ্গে একাধিক আপিল ও আবেদন যুক্ত থাকে। আদালতে মূল মামলার শুনানির তারিখ নির্ধারণের সময় সংশ্লিষ্ট আবেদনগুলোও একসঙ্গে শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জের সাত খুন মামলায় বিভিন্ন আসামির করা ২১টি আপিল এবং অন্য মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিদের ১৬টি ক্রিমিনাল পিটিশন শুনানির জন্য আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদ হত্যা মামলায় মূল আপিলের পাশাপাশি আরও ১৪টি আপিলের বিষয় আদালতের নজরে আনা হয়েছে। মেজর সিনহা হত্যা মামলায়ও দণ্ডিত আসামিদের আপিলগুলো শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের এপ্রিলে নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তৎকালীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। ঘটনাটি দেখে ফেলায় আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মোহাম্মদ ইব্রাহিমও অপহরণের শিকার হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের মরদেহ ভেসে ওঠে। পরদিন উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

সাত খুন মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন, কমান্ডার এম এম রানাসহ সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরবর্তী সময়ে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। স্বল্পমেয়াদি কারাদণ্ডপ্রাপ্তদের সাজাও বহাল রাখা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসামিদের করা আপিলগুলো এখন শুনানির অপেক্ষায় রয়েছে।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলাটিও দেশের আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটি। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

আবরার হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন। ওই রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। পরবর্তী সময়ে হাইকোর্ট ২০২৫ সালের ১৬ মার্চ রায় ঘোষণা করে বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তিরা আপিল বিভাগে আপিল করেছেন। এসব আপিলের শুনানির জন্য আগামী ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গুলিতে নিহত হন। এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে মোট ১৫ আসামির মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী। পরে ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ডসহ নিম্ন আদালতের দেয়া সংশ্লিষ্ট সাজা বহাল রাখেন। ওই রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেছেন। আপিল বিভাগে এসব আপিলের শুনানি আগামী ১ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে।

তিনটি মামলার শুনানির তারিখ নির্ধারণের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের কার্যতালিকায় তারিখ থাকলেই সব ক্ষেত্রে নির্ধারিত দিনে শুনানি শুরু হয় না। আপিল বিভাগে সপ্তাহে মঙ্গলবার ও বুধবার শুনানি হয় এবং বিচারকসংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তারপরও মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় নির্ধারিত তারিখে শুনানি শুরু হবে বলে তারা প্রত্যাশা করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ কোনো সরকারের বিশেষ চাওয়া-পাওয়ার কারণে নেয়া হয়নি। রাষ্ট্রের পক্ষে আইন কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়ায় সহায়তা করা। আলোচিত ঘটনাগুলোর ভুক্তভোগী পরিবারগুলোর প্রত্যাশার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব বিবেচনায় নিয়েই মামলাগুলো অগ্রাধিকার দিয়ে আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ন্যায়বিচার শুধু এক পক্ষের জন্য নয়, এটি সব পক্ষের অধিকার। বিচারপ্রক্রিয়া এমনভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন, যাতে অপরাধী তার অপরাধের উপযুক্ত সাজা পান এবং নিরপরাধ কেউ যেন অন্যায়ভাবে দণ্ডিত না হন। বিচারকসংকট ও মামলার দীর্ঘসূত্রতা থাকলেও গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা