নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার দুপুর ১টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খাল-সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিলবডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করা হয়। জব্দ করা চিনির আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সাননিউজ/বান্না