দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৯৮০ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। অর্থাৎ গত এক দিনে নতুন করে মোট ১ হাজার ৬৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯৯ জনে।
এ সময়ের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ৩৯৪ জন। এরপর চট্টগ্রামে ২৪২, সিলেটে ১৩১, বরিশালে ৯৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৩২, রাজশাহীতে ১৫ এবং রংপুরে ৯ জন শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যায়ও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ সময়ে ঢাকায় ৭৯ হাজার ৩১৪ জন, চট্টগ্রামে ৩৭ হাজার ১৫৯, বরিশালে ২০ হাজার ২৮৪, সিলেটে ১৪ হাজার ৯৩৫, খুলনায় ১২ হাজার ২৭৭, রাজশাহীতে ১০ হাজার ৪৫৮, ময়মনসিংহে ৯ হাজার ১৫৬ এবং রংপুরে ৩ হাজার ২৩০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
সান নিউজ/ রাব্বি