দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী এবং বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের (বিজেসি) পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, এমন একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন, যা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সঙ্গে অনলাইনে অপতথ্য ও গুজব ছড়িয়ে পড়া রোধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্তভাবে পাস হয়নি। ফলে এতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। আইনটি নিয়ে আরও আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে একটি কার্যকর কাঠামো তৈরি করা সম্ভব।
অনলাইনভিত্তিক সাংবাদিকতার নতুন নতুন ধরন এবং মনিটাইজেশন ব্যবস্থাকে নীতিমালার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতায় নানা ধরনের নতুন প্রবণতা তৈরি হয়েছে। এসব বিষয়কে সময়োপযোগী নীতিমালার কাঠামোর মধ্যে আনা প্রয়োজন।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, গুজব, মিথ্যাচার বা অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে আইন সবার জন্য সমভাবে প্রয়োগ হওয়া উচিত। আইন প্রয়োগের সময় কোনো পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে একই আইনি কাঠামোর আওতায় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।
আলোচনা সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিলের পর্যালোচনা এবং বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সান নিউজ/ রাব্বি