সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সফরকে ঘিরে প্রশাসন, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বৈঠক করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতারাও সভা করে সফরের বিভিন্ন কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছেন।
সফরকে কেন্দ্র করে জেলার উন্নয়নসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এর মধ্যে ফেনীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি গুরুত্ব পাচ্ছে।
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালু এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি প্রধানমন্ত্রীর কাছে ইতোমধ্যে তুলে ধরা হয়েছে।
জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছিল। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন।
সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে পরশুরাম-সুবার বাজার সড়কের মুহুরী নদীর তীরে উদ্বোধনী ফলক ও জনসভাস্থল তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে।
প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) ইতোমধ্যে অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছে। একই সঙ্গে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতিও চলছে। ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক, পোর্টেবল টয়লেটসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সফরে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ এবং খালেদা জিয়ার মহিলা কলেজ সরকারীকরণের কর্মসূচির প্রস্তুতিও চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধের ক্ষয়ক্ষতি ও বন্যার প্রভাব কমানোর পাশাপাশি বৃহত্তর এলাকার মানুষ উপকৃত হবে। প্রকল্পের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
এর আগে ১৬ জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতে বাঁধ নির্মাণ, খনন ও সংস্কারের পরিকল্পনাও রয়েছে।
সফরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনের একটি প্রকল্পও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া সফরে ফুলগাজীর শ্রীপুরে তার নানার বাড়িতে আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারিবারিক কবরস্থান জিয়ারত করার কথা রয়েছে। বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং রোগীদের জন্য বিনামূল্যে রাষ্ট্রীয় চিকিৎসাসেবার বিশেষ কর্মসূচির ঘোষণাও আসতে পারে। সফরকালে দলীয় নেতাকর্মী ও সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।
ফুলগাজী সরকারি হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভাস্থল থেকে ফুলগাজীকে দেশের নতুন পৌরসভায় উন্নীত করার ঘোষণা আসতে পারে। এ ঘোষণা বাস্তবায়িত হলে ফেনী জেলার ছয় উপজেলায় ছয়টি পৌরসভা হবে। এর আগে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের নির্বাচনী এলাকা ফুলগাজীকে থানার মর্যাদা থেকে উপজেলায় উন্নীত করেছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকালে ১৯৯৩ সালে লোকসানের কারণ দেখিয়ে বন্ধ হয়ে যাওয়া ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালুর দাবিও জানাবেন স্থানীয় বিএনপি নেতারা। তাদের মতে, রেলপথটি চালু হলে জেলার উত্তরাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
সান নিউজ/ রাব্বি