কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এসব ব্যক্তিকে গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের দোসরদের যারা আইনের আওতায় আনতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। গত সপ্তাহে এ ধরনের দুজন এবং গতকাল আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় পুলিশের গোয়েন্দা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন এসব ব্যক্তি দেশে লুকিয়ে থাকলেও তাদের শনাক্ত করতে গোয়েন্দা সহায়তা কেন কার্যকরভাবে কাজে লাগানো হয়নি, তা খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশের গোয়েন্দা সহায়তাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি নিজস্ব গোয়েন্দা তথ্য ও সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দেন।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বক্তব্যে জাতিসংঘের হিসাবের বরাতে এক মাসে দেশের প্রায় ১ হাজার ৪০০ নাগরিক নিহত হওয়ার কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন পরিসংখ্যানের কথাও তুলে ধরেন।
তিনি বলেন, যারা হত্যাকাণ্ড, আকাশ থেকে গুলি চালিয়ে নাগরিক হত্যা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দেশকে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের বিষয়ে দেশের মানুষের অবস্থান গুরুত্বপূর্ণ। তারা আবার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওইসব ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং তারা দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন।
শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাসহ অন্যান্য সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে চলবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ৯৮ পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ রাব্বি