শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার পর আগামী বছরের জানুয়ারি থেকে সম্ভাব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই। তবে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্রে নির্বাচন আয়োজন করা সম্ভব, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।
নির্বাচন পেছানোর কারণ ব্যাখ্যা করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন আয়োজন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া এবং নির্বাচন পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি—দুই বিষয় বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাস্তবতা ও সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।
সান নিউজ/ রাব্বি