২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘আশিকি ২’ সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। ছবিটির অন্যতম আলোচিত গান ‘সুন রাহা হ্যায় না তু’। শ্রদ্ধা কাপুরের পর্দার চরিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তবে গানটি রেকর্ড করার সময় বিশেষ একটি কারণে তাঁকে দ্বিতীয়বার গাইতে হয়েছিল। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই গায়িকা।
বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার নিজের গায়কির ধরন অনুসরণ করেই গানটি গেয়েছিলেন তিনি। সেখানে কণ্ঠের নানা দিকও তুলে ধরেছিলেন। কিন্তু পরে সিনেমার পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাটের কাছ থেকে ফোন পান তিনি। তাঁরা জানান, ছবিতে শ্রদ্ধা কাপুরের চরিত্রটি তখনো গান শেখেনি। তাই গানটি আরও সহজ ও স্বাভাবিকভাবে গাওয়ার অনুরোধ করেন তাঁরা।
পরিচালক ও প্রযোজকের অনুরোধের পেছনের কারণ বুঝতে অসুবিধা হয়নি শ্রেয়ার। সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি শুরুতে পেশাদার গায়িকা ছিল না। একটি ক্লাব বা বারে গান গাইতে গিয়েই আদিত্য রায় কাপুরের অভিনীত চরিত্রের নজরে আসে সে। এরপর গল্পের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গায়িকা হয়ে ওঠে। তাই চরিত্রটির শুরুর দিকের গায়কির সঙ্গে মানানসই করে গানটি পরিবেশন করা জরুরি ছিল।
সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘আমি প্রথমে নিজের ব্যাখ্যা ও গায়কির ধরন অনুযায়ী “সুন রাহা হ্যায় না তু” গেয়েছিলাম। এরপর মোহিত সুরি ও মুকেশজি আমাকে ফোন করেন। তাঁরা বলেন, মেয়েটি এখনো গান শেখেনি, সে একেবারেই নতুন। তাই আমি যেন বিষয়টি মাথায় রেখে গানটি আবার গাওয়ার কথা বিবেচনা করি। আমি তাঁদের প্রস্তাবে রাজি হয়ে যাই।’
শ্রেয়া আরও জানান, সিনেমার গল্প ও চরিত্রের পরিস্থিতি বোঝার পর তিনি গানটি নতুন করে সহজ ভঙ্গিতে রেকর্ড করেন। প্রথমবার গান রেকর্ড করার সময় পরিচালক স্টুডিওতে উপস্থিত ছিলেন না। পরে চরিত্রটির বয়স, গানের দক্ষতা ও গল্পের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত বুঝে তিনি উপলব্ধি করেন, কেন পরিবেশনায় পরিবর্তন আনা প্রয়োজন ছিল।
তবে কনসার্টে গানটি পরিবেশনের সময় শ্রেয়া নিজের পরিণত ও পরিশীলিত গায়কির ধরনই অনুসরণ করেন। অন্যদিকে, সিনেমায় চরিত্রটি তখনো গানের জগতে নতুন হওয়ায় কণ্ঠে সরলতা বজায় রাখা ছিল গুরুত্বপূর্ণ।
শ্রেয়ার মতে, চলচ্চিত্রের জন্য গান গাওয়ার ক্ষেত্রে শুধু সুর ও কথার দিকে মনোযোগ দিলেই হয় না। যে চরিত্রের জন্য গানটি গাওয়া হচ্ছে, তার বয়স, অভিজ্ঞতা এবং গানের দক্ষতার বিষয়গুলোও বুঝতে হয়। ‘আশিকি ২’-এর এই অভিজ্ঞতা সেই বিষয়টিই আবারও সামনে এনেছে।
সান নিউজ/ রাব্বি