বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের সুখবর। দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন এই তারকা জুটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন কিয়ারা ও সিদ্ধার্থ। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দেন তাদের ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।
ব্যক্তিজীবন বরাবরই অনেকটা আড়ালে রাখতে পছন্দ করেন কিয়ারা ও সিদ্ধার্থ। নিজেদের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে খুব বেশি কথা না বললেও বিশেষ কোনো আনন্দের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে কখনোই পিছপা হন না তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর জানিয়ে সামাজিক মাধ্যমে এই তারকা দম্পতি লিখেছেন, তারা আবারও জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছেন। নতুন অতিথির অপেক্ষায় এরই মধ্যে উচ্ছ্বসিত কিয়ারা ও সিদ্ধার্থ।
এর আগে ২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার বাবা-মা হন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের জন্মের সময়ও নিজেদের ব্যক্তিগত পরিসর নিয়ে বেশ সচেতন ছিলেন তারা। মেয়ের জন্মের খবর নিজেরাই সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। একই সঙ্গে ভক্ত ও সংবাদমাধ্যমের প্রতি তাদের পরিবারের বিশেষ এই সময়টিকে ব্যক্তিগত রাখার অনুরোধও জানিয়েছিলেন।
উল্লেখ্য, প্রথম কন্যাসন্তানের নাম তারা রেখেছেন সারায়াহ মালহোত্রা। বাবা হওয়ার অভিজ্ঞতা নিয়েও বিভিন্ন সময়ে কথা বলেছেন সিদ্ধার্থ। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে আলাপচারিতায় মেয়েকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। সে সময় অভিনেতা জানান, বাবা হওয়া তার জীবনের অন্যতম সেরা অনুভূতি।
সান নিউজ/ রাব্বি