ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট’ বা নিখুঁত ওয়ানডে ব্যাটসম্যান তৈরি করতে গিয়ে নিজেকে এবং দীর্ঘদিনের সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে রাখেননি বিরাট কোহলি। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন শট ও দক্ষতার ওপর ভিত্তি করে সাতজন কিংবদন্তি ক্রিকেটারের সমন্বয়ে নিজের আদর্শ ওয়ানডে ব্যাটার নির্বাচন করেছেন এই ভারতীয় তারকা।
কোহলির গড়া এই আদর্শ ব্যাটারের বিভিন্ন শটের খতিয়ান ও পছন্দগুলো হলো:
স্ট্রেট ড্রাইভ: এই শটের জন্য একটুও দ্বিধা না করে শচীন টেন্ডুলকারকে বেছে নেন কোহলি।
কাভার ড্রাইভ: নিজের বিখ্যাত কাভার ড্রাইভ বাদ দিয়ে শ্রীলঙ্কার টেকনিক্যালি নিখুঁত ও নান্দনিক শটের অধিকারী কুমার সাঙ্গাকারাকে বেছে নেন তিনি।
ফ্লিক-শট: নিজের ট্রেডমার্ক শট হওয়া সত্ত্বেও রাহুল দ্রাবিড়কে এই ক্যাটাগরিতে সেরা মানেন কোহলি।
কাট শট: স্কয়ার কাট শটে নিয়মিত বাউন্ডারি হাঁকানোর সুবাদে বীরেন্দর শেবাগকে বেছে নেন তিনি।
সুইপ শট: একটু ভেবে অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ব্যাটার ম্যাথু হেইডেনের নাম বলেন কোহলি।
ছক্কা হাঁকানো: আন্তর্জাতিক ক্রিকেটে একসময়ের সেরা ছক্কা হাঁকানো ক্রিস গেইলকে অবিলম্বে বেছে নেন তিনি। অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে খেলার সুবাদে গেইলের ব্যাটিং খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে কোহলির।
রানিং বিটুইন দ্য উইকেটস: সবচেয়ে বড় চমকটি আসে এখানেই। উইকেটের মাঝে দৌড় ও বোঝাপড়ার ক্ষেত্রে ধোনিকে বাদ দিয়ে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে বেছে নেন কোহলি।
মাঠে এবং মাঠের বাইরে ডি ভিলিয়ার্সের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ও আইপিএলে তাদের যুগলবন্দীর দুর্দান্ত স্মৃতিই এই পছন্দের পেছনে বড় ভূমিকা রেখেছে।
সান নিউজ/রাজীব