দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন গতি তারকা নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া চুকিয়ে পুরোদমে বোলিং অনুশীলনও শুরু করেছিলেন তিনি। তবে ভাগ্য সহায় হয়নি, অনুশীলনের মাঝপথে ফের কোমরে ব্যথা অনুভব করায় এই তরুণ পেসারের কামব্যাক ঘিরে নতুন করে সংশয় তৈরি হয়েছে।
গত দুই মাসেরও বেশি সময় ধরে ইনজুরির কবলে পড়ে দলের বাইরে আছেন রানা। এই দীর্ঘ সময়ে জাতীয় দলের জার্সিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজেও মাঠে নামা হয়নি তার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিট করে তুলছিলেন তিনি। কিন্তু সম্প্রতি অনুশীলনের সময় হুট করেই কোমরে অস্বস্তি ও ব্যথা অনুভব করায় তাকে পুনরায় বিশ্রামে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম জানিয়েছে, বর্তমান চোটটি নিয়ে এখনই বড় কোনো শঙ্কার কারণ নেই। প্রয়োজনীয় স্ক্যান ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কেবল তার ইনজুরির প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এর আগে নাহিদ রানাকে কোন ফরম্যাট দিয়ে মাঠে ফেরানো হবে, তা নিয়ে নানামুখী পরিকল্পনা চলছে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য তাকে উপযোগী ভাবা হলেও পেস বোলিং ডিপার্টমেন্টের দেখভালের ওপর নির্ভর করছে তার চূড়ান্ত অন্তর্ভুক্তি। আগামী ৯ অক্টোবর এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসার কথা ছিল।
তবে নতুন এই ইনজুরি চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এখন সম্পূর্ণভাবে মেডিকেল রিপোর্টের ফলাফলের ওপর নির্ভর করছে ডানহাতি এই ফাস্ট বোলারের ২২ গজে ফেরার পরবর্তী ভাগ্য।
সান নিউজ/রাজীব