আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এর আগে মালয়েশিয়ার বিপক্ষেও বড় হারের স্বাদ পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে এই টানা হারের পর দলের কোচ থমাস ডুলি দুটি বড় সমস্যার কথা তুলে ধরেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি জানান, দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতি এবং ফরোয়ার্ডদের গোল করার দুর্বলতাই দলের প্রধান সমস্যা। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমাদের বড় সমস্যা হলো, গোল করার মতো তেমন কেউ নেই।’
গোল করার এই সংকটের পেছনে ঘরোয়া ফুটবলের কাঠামোগত সীমাবদ্ধতাকে দায়ী করে ডুলি বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী লিগ বাংলাদেশে নেই। লিগ থাকলে খেলোয়াড়েরা প্রতি সপ্তাহে ম্যাচ খেলে ভুল থেকে শেখার সুযোগ পেত, যা বর্তমানে ঘাটতি হিসেবে রয়ে গেছে।
তবে কাঙ্ক্ষিত জয় না পেলেও সিঙ্গাপুরের বিপক্ষে শিষ্যদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট প্রকাশ করেছেন কোচ। তিনি যোগ করেন, মাঠে লড়াই করলে এবং প্রতিপক্ষকে অতিরিক্ত জায়গা না দিলে যে তাদের সঙ্গে সমানে সমানে লড়া যায়, এই ম্যাচটি সেটাই প্রমাণ করেছে।
সান নিউজ/রাজীব