আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কূটনীতিকে আরও কার্যকর করার লক্ষ্যেই এ সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে দুই দেশের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর আয়োজন করছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে অবস্থান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, স্পেন ও যুক্তরাজ্যে এ সফরের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের উদ্যোগ এগিয়ে যাবে।
সান নিউজ/ রাব্বি