ছবি: সংগৃহীত
জাতীয়

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে কোনো ধরনের ঝুঁকির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও সতর্কতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও মহানগর পূজা পরিষদসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। কেন্দ্র থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিবছর দুর্গাপূজার আগে পর্যাপ্ত সময় হাতে রেখে এ ধরনের প্রস্তুতিমূলক সভা করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ প্রশংসনীয় পর্যায়ে রয়েছে। এ বছর পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দও বাড়ানো হয়েছে। প্রতি বছর দেওয়া চার কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে এবার পাঁচ কোটি টাকা করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ জানান, এবার দেশে পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে মণ্ডপের সংখ্যা ২৮ হাজার থেকে ৩২ হাজারের মধ্যে ছিল, এবার তা বেড়ে ৩৩ হাজার ৮১০টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ১ হাজার ৫০০টি মণ্ডপ বেড়েছে। তার মতে, এ সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তাবোধের বিষয়টি প্রতিফলিত হচ্ছে।

পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে এনটিএমসির একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জেলা পর্যায়ে এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তথ্য পাওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি জানান, পুলিশ সদর দপ্তর, বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টা মনিটরিং টিম দায়িত্ব পালন করবে। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের আশপাশের থানায় স্বেচ্ছাসেবকদের নাম, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিতে আয়োজকদের অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর তাদের প্রয়োজনীয় কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।

পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে বিকল্প হিসেবে জেনারেটর এবং সেটিও সচল না থাকলে চার্জার লাইটের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ মণ্ডপের তথ্য পাওয়া যায়নি। তবে কোথাও কোনো ঝুঁকির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সার্বক্ষণিক যোগাযোগ ও সতর্কতা রয়েছে।

চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক কারবারিদের তালিকা করা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ বলেও জানান তিনি। এসব তালিকা নিয়মিত হালনাগাদ করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। ৯৯৯ নম্বরে কোনো অভিযোগ এলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং মামলা গ্রহণ করছে। তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব না হলেও জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল এক দিন। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে দাবির পরিপ্রেক্ষিতে তা আরও এক দিন বাড়ানো হয়। এবার সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে ছুটি আরও এক দিন বাড়িয়ে তিন দিন করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত পাঁচ দিনের ছুটি হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাহাড়ের বুকেও ফুটল ফুল

রুক্ষ পাহাড় আর শুষ্ক মরুদ্যানের পরিচিতি ভেঙে তুষারাবৃত লাদাখ এবার সেজে উঠেছে...

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিবিদ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে ইয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা