বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়েছিলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে প্রতিযোগিতার বিভিন্ন ধাপ সফলভাবে পার করলেও শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মূল পর্বে জায়গা করে নিতে পারেননি তিনি। সেরা ৩০ প্রতিযোগীর তালিকা ঘোষণার মধ্য দিয়ে এবারের আসরে তাঁর পথচলার ইতি ঘটে।
এবারের প্রতিযোগিতায় দর্শকদের অংশগ্রহণ বাড়াতে ‘পিপলস চয়েজ’ ভোটের বিশেষ সুযোগ রাখা হয়েছিল। এই ভোটে এগিয়ে থাকা একজন প্রতিযোগী সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ পেতেন। শুরু থেকেই ওই লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ-বিদেশের বাংলাদেশিদের ব্যাপক সমর্থনও পেয়েছিলেন তিনি।
গ্র্যান্ড ফিনালের আগে পর্যন্ত পরিস্থিতি ছিল বেশ আশাব্যঞ্জক। ভোটের হিসেবে মাহি শীর্ষে রয়েছেন বলেই ধারণা করছিলেন তার সমর্থকেরা। এতে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রতিযোগীর উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে পাল্টে যায় পুরো চিত্র। ভোটের দৌড়ে এগিয়ে যান ইকুয়েডরের প্রতিনিধি দালিয়া বুকারাম। ফলে সরাসরি সেমিফাইনালের টিকিটটি তার ঝুলিতেই যায়। আর বাংলাদেশের জন্য অধরাই থেকে যায় সেই কাঙ্ক্ষিত সুযোগ।
পরে বিচারকদের মূল্যায়ন, বিভিন্ন পর্বে পারফরম্যান্স এবং দর্শকদের ভোটের সম্মিলিত হিসাবের ভিত্তিতে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। বিশ্বের নানা দেশের প্রতিনিধিরা ওই তালিকায় জায়গা পেলেও সেখানে দেখা যায়নি বাংলাদেশের নাম।
যদিও চূড়ান্ত তালিকায় পৌঁছাতে না পারার হতাশা রয়েছে, তবু আন্তর্জাতিক এই মঞ্চে মাহির উপস্থিতি এবং ভোটাভুটিতে তার শক্ত অবস্থান বাংলাদেশের জন্য ইতিবাচক দিক হিসেবেই দেখছেন অনেকেই। বিশেষ করে বিশ্বব্যাপী বাংলাদেশি দর্শকদের সক্রিয় সমর্থন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিদের প্রতি আগ্রহ ও সম্পৃক্ততার বিষয়টি নতুন করে সামনে এনেছে।
বিশ্লেষকদের মতে, মিস ইউনিভার্সের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় শুধু সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব, উপস্থাপনা, সামাজিক প্রভাব এবং বিভিন্ন ধাপের পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে প্রতিযোগিতা যত এগোয়, লড়াইও তত কঠিন হয়ে ওঠে।
সেরা ৩০-এ জায়গা না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মাধ্যমে সামিরা খান মাহি আলোচনায় এসেছেন। তার এই অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য প্রতিযোগীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন অনেকে।
সান নিউজ / রাজীব