দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের কেশবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি স্থানীয় দলীয় কার্যালয় থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির বিশ্বাস প্রমুখ। পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস বলেন, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা সন্ত্রাস, সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, দেশের মানুষ আর কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা দেখতে চায় না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির বিশ্বাস বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দেশে শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।
সাননিউজ/বান্না