বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুষ্টিয়ার মিরপুরে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কোরআন একাডেমির আয়োজনে উৎসবের পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও চড়ুইভাতির আয়োজন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মিরপুর হলপাড়ায় টিএনটি রোড সংলগ্ন প্রতিষ্ঠানটির চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।
নবান্ন উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অভিভাবকরা বিভিন্ন ধরনের প্রায় শতাধিক পিঠাপুলি তৈরি করে নিয়ে আসেন। দেশীয় খাবার, পিঠাপুলি ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় বাঙালির শস্যভিত্তিক এই উৎসব।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. জুয়েল আহমেদ, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোস্তফা, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমুসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কোরআনর অধ্যক্ষ মোহাম্মদ মজিবুল হক।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাঙালির শেকড়, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির সঙ্গে পরিচিত করে তোলে। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা।
সাননিউজ/বান্না