নরসিংদীর রায়পুরায় মরহুম ডাক্তার আবুল হাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় তুলাতুলি ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে থানাহাটি ফুটবল একাদশ।
ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল এমপির পিতা মরহুম ডাক্তার আবুল হাশেমের স্মৃতিকে ধরে রাখা, যুবসমাজকে মাদক ও নেশার ছোবল থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। রায়পুরা পৌরসভা যুবদল আহবায়ক সাইফুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সমুন নেওয়াজ এর উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
নরসিংদীর রায়পুরায় তাত্তাকান্দা আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটে। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
এ সময় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের সন্তানদের মাঠমুখী করতে হবে, খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমি চাই রায়পুরার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে খেলাধুলার পরিবেশ গড়ে উঠুক এবং নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হোক।’
সাননউিজ/বান্না