দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনার প্রতিবাদ জানাতে গিয়ে তাকে ‘তামিল অভিনেত্রী’ বলে উল্লেখ করেন বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তবে রাশমিকা কন্নড়ভাষী—নেটিজেনদের এমন মন্তব্যের পর নিজের ভুল স্বীকার করেছেন তিনি।
রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়ে কটাক্ষকারীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন জাভেদ আখতার। সেখানে তিনি অন্যের ভাষাগত দক্ষতা নিয়ে সমালোচনা করার প্রবণতার বিরোধিতা করেন এবং তামিল ভাষার ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
জাভেদ লেখেন, যারা রাশমিকার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কয়েকটি তামিল বাক্য বলতে দেওয়া হোক। এরপর দেখা যাক, তারা নিজেরা কতটা ভালো তামিল বলতে পারেন। অন্যের ভাষাগত দক্ষতা নিয়ে শ্রেষ্ঠত্বের মনোভাব দেখানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
জাভেদের বক্তব্যের মূল উদ্দেশ্যের সঙ্গে একমত হলেও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী তার তথ্যগত ভুলটি ধরিয়ে দেন। তারা জানান, রাশমিকা কর্ণাটকের কোডাগুতে জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন এবং তিনি কন্নড়ভাষী। তেলুগু সিনেমার মাধ্যমেও তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, জাভেদের বক্তব্যের উদ্দেশ্য ভালো হলেও রাশমিকার মাতৃভাষা সম্পর্কে তার ধারণা সঠিক নয়। তবে ভাষাগত সমালোচনার বিরুদ্ধে তার মূল বক্তব্যটি গুরুত্বপূর্ণ।
এর জবাবে নিজের ভুল মেনে নিয়ে জাভেদ আখতার লেখেন, ‘আমি ভুল স্বীকার করছি।’
কন্নড়, তেলুগু, তামিল ও হিন্দিসহ একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন রাশমিকা। তবে তার হিন্দি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা নতুন নয়। সম্প্রতি করণ জোহরের অনুষ্ঠানে স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে উপস্থিত হওয়ার পরও তার উচ্চারণ নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ।
রাশমিকার পাশে দাঁড়িয়ে ভাষাগত দক্ষতা নিয়ে বিদ্রূপের প্রতিবাদ করতে চেয়েছিলেন জাভেদ আখতার। তবে অভিনেত্রীর ভাষাগত পরিচয় ভুলভাবে উল্লেখ করায় তার মন্তব্য ঘিরেও শুরু হয় নতুন আলোচনা।
সান নিউজ/ রাব্বি