জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য এক মানুষে রূপান্তর করেছে—এমনটাই মনে করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জীবনের প্রতিটি কঠিন অধ্যায় তাকে যে শিক্ষা দিয়েছে, তা নিয়েই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগপূর্ণ বার্তা শেয়ার করেছেন তিনি। এই অভিনেত্রীর মতে, জীবনের কোনো একটি পথ বা অধ্যায় বন্ধ হয়ে যাওয়ার অর্থ এই নয় যে সব শেষ হয়ে গেল; বরং সেখান থেকেই নতুন কোনো সুন্দর সম্ভাবনার চাবিকাঠি হাতে পাওয়া যায়।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বাঁধন লিখেছেন, জীবনের কোনো একটি দরজা যখন চিরতরে বন্ধ হয়ে যায়, তখন ওপরওয়ালা ঠিকই সামনে আরও অনেকগুলো নতুন ও চমৎকার পথ খুলে দেন—যেগুলোর সৌন্দর্য আমাদের কল্পনার সীকেও ছাড়িয়ে যায়। এই ধারণার ওপর তার গভীর বিশ্বাস রয়েছে বলেও জানান তিনি। বাঁধনের উপলব্ধি বলে, অনেক সময় জীবনের কোনো একটি অধ্যায়কে চূড়ান্ত ইতি বলে মনে হলেও আদতে সেটাই কোনো চমৎকার ঘটনার শুভসূচনা হয়ে দেখা দেয়। অতীতে যখনই মনে হয়েছে তার যাত্রাপথ বুঝি এখানেই থেমে গেল, ঠিক তখনই কোনো না কোনো নতুন সুযোগ ও অভিজ্ঞতা তাকে আরও বড় কিছুর পথ দেখিয়ে দিয়েছে।
জীবনের এমন কঠিন ও টানাপোড়েন ভরা দিনগুলোতে একসময় মনে হয়েছিল তার বোধহয় আর সামনে এগোনোর সুযোগ নেই। তবে সময় তাকে শিখিয়েছে যে, সেই দুঃসময়গুলোই তাকে এমন এক অবস্থানে নিয়ে এসেছে যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তাই অতীতের সব প্রাপ্তি, জীবনের চমৎকার সব শিক্ষা, অপ্রত্যাশিত সব আশীর্বাদ এবং সামনে লুকিয়ে থাকা অজানা সুন্দর দিনগুলোর কথা ভেবে সৃষ্টিকর্তার প্রতি অশেষ শুকরিয়া আদায় করেছেন তিনি। এখন থেকে জীবনকে আরও শান্তভাবে গ্রহণ করা, সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকা এবং পূর্ণ বিশ্বাস নিয়ে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ইতালির জমজমাট ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছিলেন বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতেই মূলত তার এই বিদেশ সফর ছিল। উৎসবের কাজ শেষে পরিবারের প্রিয়জনদের সঙ্গে একটু সময় কাটাতে বাইরে বের হলে একটি পার্কে হঠাৎ করেই তিনি স্থানীয় কিছু মানুষের আক্রমণ ও হয়রানির শিকার হন। পরবর্তীতে এই অনভিপ্রেত ঘটনার সুরাহা করতে তিনি স্থানীয় থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছিলেন, যা সেসময় দেশের মিডিয়া পাড়ায় বেশ বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছিল।
সান নিউজ/রাজীব