ছবি: সংগৃহীত
বিনোদন

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

বিনোদন ডেস্ক

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন বলিউড নির্মাতা ও উপস্থাপক করণ জোহর। আগামী ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হচ্ছে অনুষ্ঠানটির নবম ও শেষ মৌসুম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জিওহটস্টারে প্রকাশিত এক আবেগঘন ভিডিওতে ৫৪ বছর বয়সী করণ জোহর নিজেই অনুষ্ঠানটি শেষ করার ঘোষণা দেন।

ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মৌসুমের প্রথম অতিথি হিসেবে থাকছেন সালমান খান। আট মৌসুমে মোট ১৬১টি পর্ব প্রচারের পর অনুষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন করণ। এবার তার লক্ষ্য আবারও পূর্ণ সময়ের জন্য চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দেওয়া।

ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘কফি উইথ করণ’ তার বিনোদনজগতের পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। তবে এখন জীবনের অগ্রাধিকার বদলেছে তার।

করণ বলেন, “কফি উইথ করণ’ আমার পরিচয়ের বড় একটি অংশ। অনুষ্ঠানটি ২২ বছর ধরে চলছে—নবম মৌসুমে এসে বিষয়টি নিজেকেই অবিশ্বাস্য মনে হচ্ছে।”

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, জীবনের পরবর্তী দশক আরও বেশি সিনেমা নির্মাণ এবং নতুন গল্প বলার পেছনে ব্যয় করতে চান। এ কারণেই ভারাক্রান্ত মন নিয়ে নবম মৌসুমকেই অনুষ্ঠানের শেষ মৌসুম করার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানটির সুনাম ও বিতর্কের প্রসঙ্গও তুলে ধরেন করণ। তিনি বলেন, কথোপকথন, খোলামেলা আলোচনা ও বিতর্কের সঙ্গে যে সোফাটি এতদিন পরিচিত ছিল, সেখানে এবারই শেষবারের মতো বসবেন তিনি। সিদ্ধান্তটি তার জন্য আবেগের ও ব্যক্তিগত। তবে দর্শকদের ভালোবাসায় তৈরি এই অনুষ্ঠানের উত্তরাধিকার ভবিষ্যতেও মানুষের মনে বেঁচে থাকবে বলে আশা করেন তিনি।

আবারও সিনেমা নির্মাণে করণ

১৯৯৮ সালে ‘কুচ কুচ হোতা হ্যায়’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেকের পর এখন পর্যন্ত সাতটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন করণ জোহর। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কভি খুশি কভি গাম’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পায় ২০২৩ সালে। এরপর আর কোনো সিনেমা পরিচালনা করেননি করণ।

তবে তার অষ্টম সিনেমার কাজ শুরু হওয়ার খবর রয়েছে। চলতি বছরের শুরুতে পিঙ্কভিলাকে ইন্ডাস্ট্রির একটি সূত্র জানায়, ‘কভি খুশি কভি গাম’-এর আদলে বড় পরিসরের একটি পারিবারিক গল্প নির্মাণের পরিকল্পনা করছেন করণ। ২০২৬ সালের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।

সূত্রের দাবি, এটি হবে বড় পরিসরের ফ্যামিলি ড্রামা, যেখানে থাকবে রোমান্টিক ও আবেগঘন গল্প। সিনেমাটিতে দুই পুরুষ ও দুই নারীকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে। তবে প্রকল্পটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি করণ জোহর।

জুলাইয়ে পরিচালনায় ফেরার ইঙ্গিত অবশ্য নিজেই দিয়েছিলেন করণ। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তির তিন বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের পেছনের কিছু ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, নিজের হৃদয়ের টানে আবার সেটে ফিরতে আর অপেক্ষা করতে পারছেন না।

পরিচালনার পাশাপাশি ধর্মা প্রোডাকশনসের নেতৃত্বও দিয়ে যাচ্ছেন করণ। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা আর এন কাওকে নিয়ে একটি সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমাটি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

যেভাবে শুরু হয়েছিল ‘কফি উইথ করণ’

শেষ মৌসুমের প্রচারণামূলক ভিডিওতে অনুষ্ঠানটির শুরুর গল্পও তুলে ধরেছেন করণ। তিনি জানান, ২০০৪ সালের জুনে প্রয়াত বাবা ও চলচ্চিত্র নির্মাতা যশ জোহরকে বলেছিলেন, তিনি একটি টক শো উপস্থাপনা করতে চান। তখন তার বাবা তাকে প্রশ্ন করেছিলেন—বন্ধুদের সঙ্গে শুধু আড্ডা দেওয়ার জন্য তাকে কে টাকা দেবে?

২০০৪ সালের ১৬ আগস্ট প্রথম পর্বের শুটিং হয়। ওই বছরের শেষ দিকে স্টার ওয়ার্ল্ডে প্রচার শুরু হয় ‘কফি উইথ করণ’। প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। প্রথম মৌসুমে অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালিও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে অনুষ্ঠানটির ছয়টি মৌসুম প্রচারিত হয়। এরপর সপ্তম ও অষ্টম মৌসুম স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রচারিত হয়।

বিতর্কেও বারবার আলোচনায় এসেছে অনুষ্ঠানটি

‘কফি উইথ করণ’-এর আড্ডা অনেক সময় অনুষ্ঠানটির গণ্ডি ছাড়িয়ে সংবাদ শিরোনামেও এসেছে। পঞ্চম মৌসুমে অভিনেত্রী কঙ্গনা রানাউত করণ জোহরকে ‘স্বজনপ্রীতির পতাকাবাহক’ বলে মন্তব্য করেন। এরপর বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে দীর্ঘ বিতর্ক শুরু হয়।

২০১৯ সালে ষষ্ঠ মৌসুমের একটি পর্বে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে পর্বটি টেলিভিশনের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নেওয়া হয়।

এর আগেও অনুষ্ঠানটি বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন করণ। ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একবার অনুষ্ঠানটি শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে পোস্ট করেছিলেন তিনি। পরে আবারও স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি ফেরার ঘোষণা দেওয়া হয়।

তবে এবার সিদ্ধান্তটি চূড়ান্ত বলে জানিয়েছেন করণ।

শেষ মৌসুমের প্রচারণায় তিনি বলেন, তাকে নিয়ে ট্রল, মন্তব্য ও বিভিন্ন পোস্ট হবে—এসবের জন্য তিনি প্রস্তুত। তবে সবকিছুর আড়ালেও ‘কফি উইথ করণ’-এর প্রতি দর্শকদের ভালোবাসা রয়েছে বলে বিশ্বাস করেন তিনি।

শেষবারের মতো সেই ‘কফি’র মগ হাতে দর্শকদের সঙ্গে থাকতে চান করণ। আর শেষ মৌসুমের প্রথম পর্বেই একক অতিথি হিসেবে সালমান খান থাকবেন বলে জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা