যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত হয়েছে।
ঐতিহাসিক দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বধ্যভূমি চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি স্মরণে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমি চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের স্মরণে এবং সম্মুখসমরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকুরিয়া পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা হেলাল উদ্দিন, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সায়েম, জেলা সিভিল সার্জন মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন রনিক এবং পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়বাসীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
সাননিউজ/বান্না