ছবি : সংগৃহীত
খেলা
শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে

সেমিফাইনালেই থামল বাংলাদেশ ‘এ’ দলের ফাইনাল স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

শাহাদাত হোসেনের দৃঢ়তায় গড়া দারুণ এক শতকের পরও এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে উঠতে ব্যর্থ হলো বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৫ উইকেটের পরাজয়ে ৫০ ওভারের এই আসরের সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হয়েছে টাইগার যুবা-প্রতিনিধিদের। ম্যাচ হারার পর অধিনায়ক সাইফ হাসানের বক্তব্যে ফুটে উঠেছে রান কম হওয়ার আক্ষেপ; তারবিশ্বাস, বোর্ডে আরও ৩০ থেকে ৪০ রান বেশি তুলতে পারলে প্রতিপক্ষকে আরও চাপে ফেলা যেত। তবে প্রতিকূল পরিস্থিতিতে দলের সাহসী লড়াই ও মানসিকতায় খুশি তিনি।

ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে বা আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৩২ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের হয়ে একপ্রান্তে শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে ১১৮ বলে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন শাহাদাত, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর অষ্টম তিন অঙ্কের মাইলফলক। মাঝপথে মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে গড়া ৯৫ রানের মূল্যবান জুটি এবং ইনিংসের শেষভাগে রিপন মন্ডলকে নিয়ে মাত্র ২৫ বলে অবিচ্ছিন্ন ৪০ রানের কার্যকর জুটি না হলে এই পুঁজিও পাওয়া কঠিন হতো।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাইফ উল্লেখ করেন যে, দলের পুঁজি প্রত্যাশার চেয়ে ৩০ থেকে ৪০ রান কম ছিল। তবু খেলোয়াড়দের হার না মানা মনোভাব তাকে অনুপ্রাণিত করেছে এবং ব্যাটসম্যানদের প্রচেষ্টাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। অধিনায়কের ভাষ্য অনুযায়ী, সংগ্রহটা আরেকটু বড় হলে বোলিং আক্রমণের জন্য ম্যাচ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হতো।

ব্যক্তিগত সাফল্যের মাঝেও সামগ্রিক স্কোর নিয়ে অতৃপ্তি থাকলেও নকআউটের মতো চাপের ম্যাচে একাদশে নতুন মুখ যুক্ত করার সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে খোলামেলা কথা বলেন সাইফ। তার মতে, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নতুনদের সুযোগ দেওয়া সহজ বিষয় ছিল না, তবে একাদশে জায়গা পাওয়া বিকল্প ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

শাহাদাত হোসেনকে তার ডাকনাম ‘দীপু’ উল্লেখ করে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাইফ, পাশাপাশি দলের অন্য সদস্যদের অবদানকেও স্বীকৃতি দিয়েছেন। শুধু ব্যাটিং নয়, বোলিং ইউনিটও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে এবং ঘুরে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে বলে মনে করেন এই অধিনায়ক।

রান তাড়া করতে নেমে শুরুতেই রিপন মন্ডলের পরপর দুই শিকারের সুবাদে পাকিস্তানের দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশের শিবিরে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু এরপর হাসান নাওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের বড় জুটি সেই আশা ফিকে করে দেয়; পরবর্তীতে আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৮ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

সেমিফাইনালে থেমে গেলেও পুরো আসরের পারফরম্যান্স থেকে শেখার জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক। দীপুর দুর্দান্ত ব্যাটিং ও বোলারদের লড়াইয়ের কথা তুলে ধরে তিনি জানান, টুর্নামেন্টজুড়ে হওয়া ত্রুটিগুলো কাটিয়ে উঠে সামনের আসরগুলোতে আরও পরিণত ও শক্তিশালী দল হিসেবে ফিরে আসতে চান তাঁরা।

উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে ফাইনালে সুপার ওভারে পাকিস্তান ‘এ’ দলের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। এবারও একই প্রতিপক্ষের কাছে সেমিফাইনালে হোঁচট খেতে হলো তাদের। অন্যদিকে, ফাইনালের টিকিট নিশ্চিত করা পাকিস্তান ‘এ’ দল আগামীকাল শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা