মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কের দলছড়ি ব্রিজের ওপর টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও তথ্যানুযায়ী, উপজেলার ১ নং বর্ণি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান জাবেরের নেতৃত্বে এবং কেন্দ্রীয় নেতা জাকিরের নির্দেশনায় দলছড়ি ব্রিজ এলাকায় এই ঝাটিকা বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা ব্যানার হাতে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল -বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল। আয়োজনে: বড়লেখা উপজেলা ও পৌর ছাত্রলীগ।
মিছিলে অংশগ্রহণকারীরা দলছড়ি ব্রিজের ওপর টায়ারে আগুন ধরিয়ে কিছুক্ষণ অবস্থান ও স্লোগান দেওয়ার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
সাননিউজ/বান্না